দিনাজপুরে কারিগরি ছাত্র আন্দোলনের বিক্ষোভে রেল চলাচল প্রায় ৪ ঘণ্টা বন্ধ
- সময়: ০৩:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৫

লিটন আহম্মেদ
দিনাজপুর প্রতিনিধি
ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি বাতিলের দাবিতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে দিনাজপুরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় রেললাইনের ওপর অবস্থান নিয়ে ছাত্ররা রেল অবরোধ ও বিক্ষোভ করে। এতে দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া দোলনচাঁপা, দ্রুতযান ও বাংলাবান্ধা এক্সপ্রেসসহ তিনটি ট্রেন এবং লালমনিরহাট থেকে বিরলগামী একটি ট্রেনের যাতায়াত প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে।
কারিগরি ছাত্র আন্দোলনের এই কর্মসূচিতে দিনাজপুর পলিটেকনিকের পাশাপাশি বেসরকারি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও অংশ নেন। আন্দোলনের কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
পরে দুপুর ১২টার পর সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারী ছাত্রনেতাদের সঙ্গে আলোচনা শুরু করেন। দীর্ঘ আলাপ-আলোচনার পর দুপুর পৌনে ২টার দিকে ছাত্ররা তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করলে ট্রেন ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।
আন্দোলনকারীরা জানান, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন সময়ে কর্মসূচি অব্যাহত থাকবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















