দিনাজপুরে নবাবগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
- সময়: ০৪:২৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ৮৬
লিটন আহম্মেদ
দিনাজপুর প্রতিনিধি॥
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় প্রায় তিন কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন পরিষ্কার করার সময় পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে এই মূর্তিটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ পরিষ্কার করতে গিয়ে শ্রমিকরা ব্যাগটির ভেতর মূর্তিটি দেখতে পান। পরে তারা বিষয়টি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানালে খবর পেয়ে নবাবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন সাংবাদিকদের বলেন, “খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সহায়তায় কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করি। বর্তমানে এটি থানায় জিম্মায় রাখা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মূর্তিটি কীভাবে ময়লার স্তুপে এলো এবং এর প্রকৃত মালিক কে—তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি।
স্থানীয়দের ধারণা, মূর্তিটি প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন হতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশেষজ্ঞদের মতামত নেওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মত দিয়েছেন।
ঘটনাটি জানাজানি হতেই বহু কৌতূহলী মানুষ স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ভিড় জমায়। বর্তমানে পুলিশ ঘটনাটিকে গুরুত্বসহকারে তদন্ত করছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















