মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় মিলেছে
- সময়: ০১:৩৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ২৮

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় মিলেছে। মোবাইল ফোনের সূত্র ধরে তরুণীর পরিচয় নিশ্চিত করেছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপা ফিরোজ কবির (অপরাধ) জানান, এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর নাম সাহিদা বেগম (২৪)। তার বাড়ি ময়মনসিংহে।
তিনি আরও জানান, নিহত সাহিদা বেগম রাজধানীর ওয়ারীতে তার ভাইয়ের সঙ্গে থাকতেন। তিনি একটি ডে-কেয়ারে কাজ করতেন।
পরিচয় পাওয়ার বিষয়ে ফিরোজ কবির বলেন, ওই তরুণীর পরিচয় ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত করা যায়নি। তবে মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। সাহিদার বাড়ি ময়মনসিংহের কোথায় তা এখনও জানা যায়নি। সেটা জানার চেষ্টা চলছে।
এর আগে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দোগাছি সার্ভিস লেন এলাকায় সড়কে তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় লাশের পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, গুলি করে ওই তরুণীকে হত্যার পর চলন্ত গাড়ি থেকে মরদেহ এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে ঘাতকরা।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে মহাসড়কে হাঁটতে দেখা গেছে। তার এক থেকে দেড় ঘণ্টা পর তরুণীর গুলিবিদ্ধ মরদেহ মহাসড়কে পড়ে থাকতে দেখতে পান পথচারীরা। তবে সঙ্গে থাকা ওই যুবকটিকে স্থানীয়রা চিনতে পারেনি। তার সঙ্গে আরও কেউ ছিল কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ওই তরুণীর পিঠ থেকে কোমড় পর্যন্ত অন্তত ৫টি গুলি করা হয়েছে। এর মধ্যে একটি গুলি গলা থেকে মুখের নিচ দিয়ে বের হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.


















