যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত, দুই বৈমানিক অক্ষত
- সময়: ০৭:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ৭১

যশোর বিমানবন্দরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ জরুরি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে এই ঘটনা ঘটে। তবে বিমানে থাকা দুই বৈমানিক নিরাপদে রয়েছেন।
বিমান বাহিনীর সূত্রে জানা গেছে, Grob-120TP মডেলের এই প্রশিক্ষণ উড়োজাহাজটি যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে দুপুর ১২টা ১৮ মিনিটে উড্ডয়ন করে। প্রশিক্ষণের একপর্যায়ে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলটরা জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
উড়োজাহাজটি চালাচ্ছিলেন গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান এবং স্কোয়াড্রন লিডার আহম মুসা। দক্ষতার সঙ্গে তারা বিমানটি মাটিতে নামাতে সক্ষম হন, ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুই বৈমানিক সম্পূর্ণ নিরাপদ আছেন, তবে শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় বিমান বাহিনী উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে, যারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে।
তদন্ত চলমান থাকায় এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।




















