যশোরের অভয়নগরে চুরির অপবাদে মারধর, অপমানে কিশোরের আত্মহত্যা
- সময়: ০৫:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ১২৩


স্বপ্ন রায় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সমর রায়। স্থানীয় চাকই বাজারে তার নিজস্ব একটি ইলেকট্রিক দোকান ছিল।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে স্বপ্ন রায়কে সেলো মেশিন চুরির অভিযোগে বাড়ি থেকে ডেকে নিয়ে এলাকার কিছু লোকজন মারধর করে। অপমান সহ্য করতে না পেরে শনিবার সকালে সে আত্মহত্যা করে।
পরিবারের সদস্যরা জানায়, সকালে তাকে আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল বলছে, সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়া ও বিচারবহির্ভূত শাস্তি দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা মারাত্মক পরিণতি ডেকে আনছে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।



















